গাজীপুর প্রতিনিধিঃ
প্রকাশ: ২২:৩৫, ১৭ নভেম্বর ২০২৬
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগা বাড়িটি আ ক ম মোজাম্মেল হকের পুরনো টিনশেডের বাসভবন। এর পাশেই তাঁর আটতলা একটি ভবন রয়েছে, যেটি ভাড়া দেওয়া হয়েছে। তবে ভবনটি অক্ষত রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো টিনশেড বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এদিকে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে আ ক ম মোজাম্মেল হকের একটি কথিত অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই অডিওতে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা ও আক্রমণের বিষয়ে কথোপকথন রয়েছে বলে দাবি করা হচ্ছে। অডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর আ ক ম মোজাম্মেল হকের ধীরাশ্রমের গ্রামের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছিল।
তবে মঙ্গলবারের অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে ভাইরাল হওয়া অডিওর কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শীর্ষ সংবাদ: