মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম:
প্রকাশ: ১২:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
টাইগারপাস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আগ্রাবাদ আক্তারুজ্জামান সেন্টারের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
মীর হেলাল বলেন, একাত্তরের পরাজিত শক্তি এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র রুখে দেবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। বাংলাদেশের বিরুদ্ধে কোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না।
তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি জনগণের প্রত্যক্ষ ভোটে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ পুনর্গঠনে সরকার কাজ করে যাচ্ছে। পরাজিত ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার রাজনীতিতে লিপ্ত। প্রচলিত আইনে নিষিদ্ধ কোনো সংগঠন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না।
মীর হেলাল আরো বলেন, চট্টগ্রামের ছাত্র ও যুবসমাজ দেশের গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আগামীতেও চট্টগ্রামের মানুষ শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় স্বার্থের পক্ষে ঐক্যবদ্ধ থাকবে। তিনি বলেন, ‘আমরাও চাই হাসিনা দেশে আসুক। দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আদালতে আত্মসমর্পণ করুক। আদালতেই তার ভাগ্য নির্ধারিত হবে।’
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা তারা চান না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন নাজিমুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম।
মুহাম্মদ শাহেদ বলেন, ষড়যন্ত্র নয়, জনগণের ঐক্যই বাংলাদেশের শক্তি। বিভাজন নয়, জাতীয় ঐক্যই অগ্রযাত্রার ভিত্তি। আগুন সন্ত্রাস রুখে দিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বদ্ধপরিকর।
স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন, ইকবাল হোসেন, জিয়াউর রহমান জিয়া, সিরাজুল ইসলাম ভূঁইয়া, রাজিব উদ্দিন আকন্দ, আসিফ চৌধুরী লিমন, জিএ সালাহউদ্দিন কাদের আসাদ ও আরিফুর রহমান।
শীর্ষ সংবাদ: