মোঃ আবিদ সরকার, জামালপুর
প্রকাশ: ২২:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪১, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন সুলতান মাহমুদ বাবু এমপি। জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবির তালুকদার শামীম এমপির সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সজিব খান।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়াহেদ আলী মামুন এমপি, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলা ও জামালপুর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। বিকেল থেকে সমাবেশস্থলে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।
সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সমাবেশস্থল থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমাতলা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে নেতাকর্মীদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়। এর মধ্যে ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’ এবং ‘আপা আপা করিস না, আপা কিন্তু আসবে না’ এ ধরনের স্লোগান ছিল।
সমাবেশে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখে সংশ্লিষ্টদের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত।
তারা দেশকে অস্থিতিশীল করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা পরিকল্পিত উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যের কথাও তুলে ধরেন।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে জামালপুর শহরের বিভিন্ন সড়কে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।
শীর্ষ সংবাদ: