নাজিম উদ্দীন,ফটিকছড়ি (চট্টগ্রাম)
প্রকাশ: ১৪:০৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ বৈঠক শুরু হয়। এর আগে সকাল ১০টার দিকে ঐক্য প্রক্রিয়ার জন্য গঠিত উপকমিটির সদস্যদের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাত দলের প্রতিনিধিরা মূল বৈঠকে যোগ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বিভিন্ন এলাকা থেকে সাত দলের প্রতিনিধিরা সকাল ৯টার দিকে বাবুনগর মাদ্রাসায় আসতে শুরু করেন। মূল বৈঠকে প্রতিটি দল থেকে পাঁচজন করে মোট ৩৫ জন প্রতিনিধি অংশ নিয়েছেন।
ঐক্য প্রক্রিয়ায় থাকা দলগুলো হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
সাত দলের পৃথক প্রস্তাব সমন্বয় করে হেফাজতে ইসলামের উদ্যোগে গঠিত উপকমিটি একটি খসড়া রূপরেখা তৈরি করেছে। আজকের বৈঠকে ওই খসড়া রূপরেখা উপস্থাপন করে আলোচনা ও মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করার কথা রয়েছে।
এর আগে গত ১৬ জুলাই একই মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সভাপতিত্বে সাত দলের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে দলগুলোর নেতারা নীতিগতভাবে একমত হন। পরে দলগুলোর প্রস্তাব সংগ্রহ ও সমন্বয়ের জন্য সাত সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়।
পরবর্তী সময়ে উপকমিটির একাধিক বৈঠকে দলগুলোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়। গত ১ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত বৈঠকে পৃথক প্রস্তাবগুলো সমন্বয় করে ঐক্যের একটি খসড়া রূপরেখা তৈরির কাজ শেষ হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে ঐক্যের রূপরেখা চূড়ান্ত করার ক্ষেত্রে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক জোটের সঙ্গে সম্পর্কের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে জানা গেছে। সংশ্লিষ্ট দলগুলোর পৃথক প্রস্তাবে এ বিষয়ে ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে। বৈঠকে এসব বিষয়ে আলোচনা করে মতপার্থক্য সমন্বয়ের চেষ্টা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৈঠককে কেন্দ্র করে বাবুনগর মাদ্রাসা এলাকায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।