জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
তিনি বলেন, জামায়াতকে বিশ্বাস করে বিএনপি ভুল করতে পারে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:২৬, ২৭ সেপ্টেম্বর ২০২৬
তিনি বলেন, জামায়াতকে বিশ্বাস করে বিএনপি ভুল করতে পারে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলের সতর্কতার ওপর জোর দিয়ে ফজলুর রহমান বলেন, আপনার গলায় আপনি সাপ পেঁচিয়ে রাখছেন, বিএনপি। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা আমাদের মা-বোনের ইজ্জত নিয়েছিল এবং সোনার বাংলাকে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিয়েছিল, যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, আপনারা যদি আবার সেই জামায়াতে ইসলামকে বিশ্বাস করেন, তবে ভুল করবেন।
জামায়াতের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, এরা যখন পার্লামেন্টে যায়, তখন তারা নবজাতক শিশু। আর পার্লামেন্ট থেকে বের হয়ে আঙুল তুলে বড় বড় কথা বলে।
আওয়ামী লীগ সরকারের শাসনামল ও সাম্প্রতিক গণঅভ্যুত্থান প্রসঙ্গে বিএনপির এই বর্ষীয়ান নেতা বলেন, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সবচেয়ে বেশি খর্ব করা হয়েছে। কিন্তু ছাত্রদের নেতৃত্বে দেশের মানুষ রাজপথে নেমে এসেছিল এবং শেষ পর্যন্ত শেখ হাসিনাসহ তার সঙ্গীদের পালিয়ে যেতে হয়েছে।
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিকভাবে বিএনপি যে সঠিক দিকনির্দেশনা নিয়ে এগোচ্ছে, তাতে সহজে ধাক্কা দিয়ে বিএনপিকে ফেলে দেওয়া সম্ভব নয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল সহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী।