ধামরাই প্রতিনিধি
প্রকাশ: ১৫:৩০, ১৬ নভেম্বর ২০২৬
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারের কর্মসূচির আওতায় উপজেলার ৬ হাজার ৪০০ জন কৃষককে এক কেজি করে উন্নত জাতের সরিষার বীজ এবং ১০০ জন কৃষককে আট কেজি করে খেসারির বীজ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক কৃষককে প্রয়োজনীয় রাসায়নিক সার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন বলেন, দেশের ভোজ্যতেল ও ডালের উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের পাশে রয়েছে। কৃষকদের সময়মতো উন্নতমানের বীজ ও সার সরবরাহ করা হলে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশ কৃষিতে আরও সমৃদ্ধ হবে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগী কৃষকরা। তাঁদের মতে, কৃষি মৌসুমের শুরুতেই সরকারি এ সহায়তা পাওয়ায় উৎপাদন খরচ কমবে এবং ভালো ফলনের সম্ভাবনা বাড়বে।
কৃষকদের প্রত্যাশা, এ ধরনের প্রণোদনা কর্মসূচি অব্যাহত থাকলে একদিকে যেমন প্রান্তিক কৃষকরা আর্থিকভাবে উপকৃত হবেন, অন্যদিকে দেশের খাদ্য ও কৃষিপণ্য উৎপাদনেও ইতিবাচক ভূমিকা রাখবে।