ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৩:১৯, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:২৩, ১৬ নভেম্বর ২০২৬
নিহত মেহেদী হাসান ময়মনসিংহ বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুরুজ জামান হত্যাকাণ্ডে জাহাঙ্গীর আলমও জড়িত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার সময় তাঁর সাত বছর বয়সী মেয়েও সঙ্গে ছিল। মেয়ের সামনেই তাঁকে হত্যা করা হয়।
সুরুজ জামানের চাচাতো ভাই সাদেক হোসেনের অভিযোগ, জাহাঙ্গীর আলম, তাঁর ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার রাতেই ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। এ সময় হত্যাকাণ্ডে অভিযুক্ত মেহেদীর বাড়িঘর ভাঙচুর করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে আটক করে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যাকাণ্ডের পর গণপিটুনির ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল জোরদার করা হয়েছে।