এসপি জাহাঙ্গীরের বাড়ি নরসিংদীর শিবপুরে

শিবপুর প্রতিনিধি 

প্রকাশ: ১২:৪১, ১৬ নভেম্বর ২০২৬

এসপি জাহাঙ্গীরের বাড়ি নরসিংদীর শিবপুরে

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পৈতৃক বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার চাঁদাপাশা গ্রামে। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তাঁর বাবার নাম মো. জিন্নাত আলী। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

পেশাগত জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

আমার দেশ-এর প্রতিবেদন অনুযায়ী, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং দলটির পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে বার্তা আদান-প্রদানের অভিযোগে গত শনিবার (১৪ নভেম্বর) রাতে রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোনে আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা নিয়ে বার্তা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। ফোন দুটি ফরেনসিক পরীক্ষার পর সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে মামলার প্রক্রিয়া শুরু করা হয়।

রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি তাঁকে সাময়িক বরখাস্তের প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামরুন মুনিরা।

তবে মামলায় আনা অভিযোগগুলো এখনো বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হয়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন