দিঘলিয়ায় নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন নাজমুস সাকিব

খুলনা প্রতিনিধি: 

প্রকাশ: ১৫:৪০, ১৬ নভেম্বর ২০২৬

দিঘলিয়ায় নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন নাজমুস সাকিব

খুলনার দিঘলিয়া উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন জনাব নাজমুস সাকিব। সম্প্রতি তিনি দিঘলিয়া উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার গ্রহণ করেন।

​দায়িত্ব গ্রহণের পরপরই উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নবাগত সহকারী কমিশনার (ভূমি)-কে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন।

​যোগদান পরবর্তী এক প্রতিক্রিয়ায় জনাব নাজমুস সাকিব দিঘলিয়া উপজেলার ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, সাধারণ মানুষ যাতে কোনো প্রকার ভোগান্তি বা মধ্যস্বত্বভোগীর হয়রানি ছাড়াই নামজারি, খাজনা প্রদানসহ সকল প্রকার ভূমিসেবা নির্বিঘ্নে পেতে পারেন, সে বিষয়ে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। পাশাপাশি সরকারি খাস জমি রক্ষা এবং বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উপজেলা প্রশাসনের চলমান ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

​এ সময় তিনি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন