ঢাকা প্রতিনিধি
প্রকাশ: ১০:৪০, ১৬ নভেম্বর ২০২৬
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রামপুরার ওয়াবদা রোডে তাকওয়া মসজিদের পাশে অবস্থিত ‘স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজি’ নামের প্রতিষ্ঠানটিতে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।
গুলিবর্ষণের ঘটনায় আহত ব্যক্তিরা হলেন প্রতিষ্ঠানটির দুই টেকনিশিয়ান হাবিবুর রহমান (২৭) ও সাজু আহমেদ (২৮)।
জানা যায়,প্রায় দুই সপ্তাহ আগে স্থানীয় কয়েকজন চাঁদাবাজ ও তাদের সহযোগী ফোন করে প্রতিষ্ঠানটির মালিক শরিফুল ইসলামের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তবে দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানান তিনি। এর জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা প্রতিষ্ঠানটির মালিকের। প্রতিষ্ঠানে ঘটনার সময় হাবিবুর ও সাজুসহ কয়েকজন কর্মী অফিসে বসে কাজ করছিলেন। অফিসে প্রবেশ করে দুর্বৃত্তদের তিনজন কর্মীদের উদ্দেশে হুমকি দিয়ে বলে, ‘তোদের এখানে ব্যবসা করতে নিষেধ করেছি, এখনো বন্ধ করিসনি কেন?’ প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। যাওয়ার সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। তাদের ছোড়া গুলিতে হাবিবুর ও সাজু আহত হন।
পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান " অগ্রযাত্রা প্রতিদিন " কে বলেন, গুলিবিদ্ধ সবুজের ডান পায়ে এবং হাবিবুরের বাম হাতে আঘাত লেগেছে। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি রামপুরা থানায় জানানো হয়েছে।
এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো জাহাঙ্গীর হোসেন আজ সকালে মুঠোফোনে " অগ্রযাত্রা প্রতিদিন " কে বলেন,এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
কী কারণে এ হামলা চালানো হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।