আর্জেন্টিনার ফাইনালে হার, মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লো দুই যুবক

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

প্রকাশ: ১৯:৩১, ২০ জুলাই ২০২৬

আর্জেন্টিনার ফাইনালে হার, মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লো দুই যুবক

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। প্রিয় দলের পরাজয়ে চরম হতাশ হয়ে মাথা ন্যাড়া করে আর্জেন্টিনার সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন দুই যুবক।

তারা হলেন রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ী বিশ্বালের পাড়া এলাকার বাসিন্দা রোমান ও আল-আমিন।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত ছিলেন তারা। ফাইনালেও দলের জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন। তবে নির্ধারিত ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর তারা হতাশ হয়ে পড়েন।

পরে হতাশার বহিঃপ্রকাশ হিসেবে দুজনই মাথা ন্যাড়া করেন এবং প্রকাশ্যে আর্জেন্টিনা দলের সমর্থন ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। তাদের এ সিদ্ধান্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয়দের কেউ এটিকে ফুটবলপ্রেমীদের আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, খেলাকে ঘিরে অতিরিক্ত আবেগ প্রকাশের এটি একটি উদাহরণ। তবে ঘটনাটি রাজারহাটজুড়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন