মো রাসেল কাজী, কালাই (জয়পুরহাট)
প্রকাশ: ১৮:৪৪, ২১ জুলাই ২০২৬
ঘটনাটি ঘটে রোববার (২০ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মাত্রাই ইউনিয়নের শাইলগুন গ্রামের মশপুকরা ব্রিজ এলাকায়।
মঙ্গলবার (২১ জুলাই) নিহতের ছেলে আজাদুল ইসলাম বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে তহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অন্যান্য আসামিরা হলেন— আজিজুল ইসলাম, বকুল, বাবলু, মুছা ও নাহিদ ইসলাম।
স্থানীয় সূত্র ও মামলার বাদীর অভিযোগ অনুযায়ী, মাত্রাই বাজার থেকে বাড়ি ফেরার পথে আব্দুল হান্নানকে পথরোধ করে পাশে ডেকে নিয়ে যায় অভিযুক্তরা। পরে তাকে মাঠের মধ্যে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে মুখে বিষাক্ত পদার্থ ঢেলে দেওয়া হয়।
নিহতের ছেলে আজাদুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তার বাবাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে নিজ অটোরিকশায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরে নিহতের ছেলের দায়ের করা হত্যা মামলায় এজাহারভুক্ত তহিদুল ইসলাম নামে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, নির্যাতনের ধরন ও বিষ প্রয়োগের অভিযোগগুলো মামলার এজাহারে উল্লিখিত অভিযোগ। এসব বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত হবে।