শিশুদের ভবিষ্যৎ ভিত গড়ার মূল কারিগর প্রাথমিক শিক্ষকরা: ড. জালাল

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১১:২৬, ২ আগস্ট ২০২৬

শিশুদের ভবিষ্যৎ ভিত গড়ার মূল কারিগর প্রাথমিক শিক্ষকরা: ড. জালাল

​প্রাথমিক শিক্ষাকে জাতির মূল মেরুদণ্ড হিসেবে উল্লেখ করে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, শিশুদের ভবিষ্যৎ ভিত গড়ার মূল কারিগর হলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। বর্তমান সরকার শিক্ষকদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে সর্বদা সচেষ্ট রয়েছে।

​শনিবার (১ আগস্ট) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আয়োজিত শিক্ষার মানোন্নয়ন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে। শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া খতিয়ে দেখা হচ্ছে এবং শিক্ষকদের যেকোনো যৌক্তিক দাবি মহান জাতীয় সংসদে জোরালোভাবে উপস্থাপন করা হবে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে আধুনিক পাঠদান পদ্ধতি অনুসরণ, নিয়মিত মূল্যায়ন এবং বিদ্যালয়ে আনন্দমুখর পরিবেশ বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষাকার্যক্রমে আরও সক্রিয় করে গড়ে তোলার আহ্বান জানান।

​তিনি আরও বলেন, শিক্ষকদের দায়িত্ব কেবল পাঠদানেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষকদের পেশাগত উন্নয়ন, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত মান অর্জন সম্ভব।

​উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি’র সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাহফুজুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকার, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন প্রমুখ।

​সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আশরাফুল আজিজ, তফুরা ইয়াছমিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন, প্রধান শিক্ষক সালমা পারভীন, সহকারী শিক্ষক মিজানুর রহমান ও তানজিলা আক্তার এনি।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন