শান্ত মিয়া, জাজিরা (শরীয়তপুর):
প্রকাশ: ১৯:৩০, ১৯ আগস্ট ২০২৬
গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার সেনেরচর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে এ সংঘাতের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াকান্দি গ্রামের জামাল সরদার দুইজন শ্রমিককে চুক্তিভিত্তিক পাট কাটার জন্য নিয়োগ দেন। একই সময়ে স্থানীয় ইদ্রিস জমাদ্দারও ওই শ্রমিকদের নিজের জমিতে কাজের তাগিদ দেন। দুপুরে বৃষ্টি শুরু হলে শ্রমিকরা ইদ্রিসের জমিতে না গিয়ে জামালের জমিতেই কাজ করতে যান। এতে ক্ষিপ্ত হয়ে ইদ্রিস জমাদ্দার শ্রমিকদের গালিগালাজ করেন।
বিষয়টি নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হলে সন্ধ্যায় সেনেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল জমাদ্দার সালিশি বৈঠকের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেন। তবে অভিযোগ রয়েছে, সালিশ চলাকালেই ইদ্রিস জমাদ্দার ও তাঁর অনুসারীরা জামাল সরদার ও তাঁর ভাই আমজাদ সরদারের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়।
পরবর্তীতে এই ঘটনা উভয় পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাঁদের ঢাকায় স্থানান্তর করেন।
খবর পেয়ে জাজিরা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘাত এড়াতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আমজাদ সরদার জানান, ইদ্রিস জমাদ্দার ও তাঁর লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে তাণ্ডব চালিয়েছে। হামলায় এক নারীর মাথা কেটে গুরুতর জখমসহ পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন এবং ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।
অভিযোগের বিষয়ে ইদ্রিস জমাদ্দারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে সেনেরচর ইউনিয়নের চেয়ারম্যান জালাল জমাদ্দার বলেন, "পাট কাটার শ্রমিক নিয়ে আমার এলাকার দুই পরিবারের নারীদের মধ্যে কথা-কাটাকাটির খবর পেয়ে আমি সন্ধ্যায় দুপক্ষকেই ডেকে মীমাংসার চেষ্টা করি। তারা নিজেরাও পরস্পরের আত্মীয়। সামান্য কথা-কাটাকাটিকে কেন্দ্র করে ঘটনাটি বড় আকার ধারণ করেছে। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আমি ক্ষতিগ্রস্তদের আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।"
জাজিরা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) সালেহ্ আহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শীর্ষ সংবাদ: