চাঁপাইনবাবগঞ্জে ৩৩ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মোঃ ওলিউল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ: ২০:৩৯, ২৯ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৩৩ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৫০০ টাকাসহ মোসাঃ শামীম আরা মোস্তাফি হ্যাপি (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার স্বামী ও মামলার দ্বিতীয় আসামি মো. মিনাউর রহমান (৪১) কৌশলে পালিয়ে যান।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টা ৫০ মিনিট থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের জয়ানগর বটতলাহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার শামীম আরা মোস্তাফি হ্যাপি জয়ানগর বটতলাহাট এলাকার মো. মিনাউর রহমানের স্ত্রী। পলাতক মিনাউর রহমান একই এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়ানগর বটতলাহাট এলাকায় অভিযান পরিচালনা করে শামীম আরা মোস্তাফি হ্যাপিকে ৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন