চাষাড়ায় শুভ হত্যাকাণ্ড: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন

মোঃ রাকিব হোসাইন হৃদয়, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭:২১, ৬ সেপ্টেম্বর ২০২৬

চাষাড়ায় শুভ হত্যাকাণ্ড: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন

নারায়ণগঞ্জের চাষাড়ায় চাঞ্চল্যকর শুভ চন্দ্র দাস (৩০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনে রাস্তা থেকে শুভ চন্দ্র দাসের গুলিবিদ্ধ ও চাকুর আঘাতে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

নিহত শুভ চন্দ্র দাস নারায়ণগঞ্জ সদর থানার গলাচিপা এলাকার শ্রী হরি চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।

ঘটনাটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ছায়া তদন্ত শুরু করে।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে তদন্ত চালিয়ে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করে পুলিশ। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে জানা যায়, অনিক ও সুমন মিলে শুভকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন ১০টি ইয়াবা ট্যাবলেটের বিনিময়ে শুভর সহযোগী সোহানকে ব্যবহার করে তাকে ঘটনাস্থলে ডেকে আনা হয়।

পরে অনিক ও অহিদের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল শুভর ওপর হামলা চালায়। এ সময় অনিক ও অহিদ শুভকে গুলি করে এবং দলের অন্য সদস্যরা চাকু দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে—
১. মোঃ সুমন ওরফে মাইগ্যা সুমন (৪৫), পিতা- কালু মিয়া, মাতা- মৃত ফরিদা বেগম। স্থায়ী ঠিকানা আমলাপাড়া মাদ্রাসাপাড়া, নারায়ণগঞ্জ সদর। বর্তমানে বন্দর থানাধীন খানবাড়ি মোড়ের সুফিয়ানের বাড়ির ৫ম তলার একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

২. সিয়াম আহমেদ সিজান (২১), পিতা- মোঃ দেলোয়ার হোসেন, মাতা- শাহনাজ বেগম। ঠিকানা- আমলাপাড়া, ২১ নং কেবি সাহা বাইলেন, নারায়ণগঞ্জ সদর।

৩. মোঃ সোহান (২৪), পিতা- মৃত সমর্চান সরদার, মাতা- মৃত শেফালী বেগম। ঠিকানা- আমলাপাড়া, ২১ নং কেবি সাহা বাইলেন, নারায়ণগঞ্জ সদর।

পুলিশ জানায়, গ্রেফতারদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের গ্রেফতার এবং ব্যবহৃত অস্ত্রসহ অন্যান্য আলামত উদ্ধারে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন