ছাতক মধ্যবাজারে টাকা পাওনা দাবি করে ব্যবসায়ীসহ ৩ জনকে ছুরিকাঘাত 

মুহাম্মদ  জানে আলম, ছাতক (সুনামগঞ্জ)

প্রকাশ: ১০:০৭, ৮ সেপ্টেম্বর ২০২৬

ছাতক মধ্যবাজারে টাকা পাওনা দাবি করে ব্যবসায়ীসহ ৩ জনকে ছুরিকাঘাত 

সুনামগঞ্জের ছাতক মধ্যবাজারে টাকা পাওনা দাবি করাকে কেন্দ্র করে এক ব্যবসায়ী ও তার দুই কর্মচারীকে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তেজিত জনতার কবল থেকে উদ্ধার করে হোসাইন কবিরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছাতক মধ্যবাজারের পান ও সুপারি আড়তদার ব্যবসায়ী অধীর মালাকারের কাছে টাকা পাওনা দাবি করেন হোসাইন কবির। এ বিষয় নিয়ে অধীর মালাকারের সঙ্গে হোসাইন কবিরের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে হোসাইন কবির ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও তিন সহযোগী চাকু দিয়ে ব্যবসায়ী অধীর মালাকার এবং তার দোকানের কর্মচারী সনজিৎ দাস ও জাহিদ মিয়াকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনজনই রক্তাক্ত জখম হন।

ঘটনার খবর পেয়ে ছাতক থানার এসআই ফজলে এলাহী ও এএসআই শহীদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার কবল থেকে হোসাইন কবিরকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

আহতরা হলেন—ছাতক উপজেলার মন্ডলীভোগ গ্রামের মৃত নরেন্দ্র মালাকারের ছেলে ব্যবসায়ী অধীর মালাকার, সনজিৎ দাস ও জাহিদ মিয়া। সনজিৎ দাসের পিতা সোনাচান দাস এবং জাহিদ মিয়ার পিতা বশির মিয়া। আহতরা ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ হেফাজতে নেওয়া হোসাইন কবির ছাতক উপজেলার বাগবাড়ী পশ্চিমপাড়া গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা তিন সহযোগীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, “আসামিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন