মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, কুমিল্লা
প্রকাশ: ১১:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩৮, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূর জাহানের মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নূর জাহানের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায়। প্রায় দেড় বছর আগে জোবায়ের হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। আগামী মাসেই তাদের প্রথম সন্তানের জন্ম হওয়ার কথা ছিল।
স্বজনরা জানান, গত শুক্রবার নিজ বাড়িতে অবস্থানকালে ডেঙ্গুতে আক্রান্ত হন নূর জাহান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
নূর জাহানের মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে অনাগত সন্তানের মৃত্যুর ঘটনায় স্বজনদের শোক আরও ভারী হয়ে উঠেছে।
ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মারুফ জানান, নূর জাহান ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৬১তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তিনি মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন এবং বিভাগের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতেন।
বাংলা বিভাগের অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, নূর জাহান অত্যন্ত আন্তরিক ও মেধাবী শিক্ষার্থী ছিলেন। বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তার মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পরিবারের প্রতিও সমবেদনা জানাচ্ছি।
নূর জাহানের মৃত্যুতে শিক্ষাঙ্গনসহ স্থানীয়দের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। একই সঙ্গে অন্তঃসত্ত্বা এক তরুণীর ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বজন ও পরিচিতজনরা।