মোঃ সাব্বির আহমেদ, ঠাকুরগাঁও
প্রকাশ: ১৭:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডিম খাওয়ার পর একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, স্কুল ফিডিং কর্মসূচির খাবার সরবরাহ, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থায় যথাযথ তদারকি রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
স্থানীয়রা এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সঙ্গে খাবারের মান, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থায় কার্যকর তদারকি নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহাদুজ্জামান সজীব বলেন, অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তবে শিক্ষার্থীরা ঠিক কী কারণে অসুস্থ হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর অসুস্থতার প্রকৃত কারণ জানা যাবে।