খালুর মিলাদে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

​হায়দার মুহাম্মদ নাসির, নওগাঁ

প্রকাশ: ১১:১৩, ২৬ সেপ্টেম্বর ২০২৬

খালুর মিলাদে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নওগাঁর নিয়ামতপুরে মর্মান্তিক এক দুর্ঘটনায় বিষধর সাপের কামড়ে নাহিদ হাসান নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার হাজিনগর ইউনিয়নের কাপাষ্টিয়া গ্রামে খালুর কুলখানি ও দোয়া মাহফিলে যোগ দিতে এসে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তার মৃত্যু হয়। নিহত শিশু নাহিদ পাশের পোরশা উপজেলার সোমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে কাপাষ্টিয়া গ্রামের বাসিন্দা ও নাহিদের খালু মতিউর রহমানও সাপের কামড়ে মারা যান। তাঁর আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার (আজ) নিজ বাড়িতে কুলখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে পরিবার। উক্ত অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার স্বজনদের সঙ্গে কাপাষ্টিয়া গ্রামে যায় শিশু নাহিদ।

​বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিল নাহিদ। এসময় একটি বিষধর সাপ তার শরীরে ছোবল দেয়। শিশুর কান্নাকাটিতে পরিবারের সদস্যরা দ্রুত বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় হাজিনগর ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুল হক শাহ বলেন, "একই পরিবারে ২০ দিনের ব্যবধানে সাপের কামড়ে দুটি মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।"

​নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন