আবুহাসান (আকাশ), লালমনিরহাট
প্রকাশ: ১৬:২৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ রেল ক্রসিং এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি কমিউটার ট্রেন লালমনিরহাট স্টেশন ছেড়ে লালমনিরহাটের কালীগঞ্জ এলাকায় পৌঁছায়। ট্রেনটি কালীগঞ্জ স্টেশন পার হয়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই ইঞ্জিনের সঙ্গে বগিগুলোর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
চালকের বিষয়টি খেয়াল করতে না পারায় ট্রেনটির ইঞ্জিন বগি ছাড়াই প্রায় দুই কিলোমিটার সামনে এগিয়ে যায়। এদিকে, ব্যস্ততম রেল ক্রসিংয়ের ঠিক মাঝখানে ৯টি বগি আটকে থাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দুই প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে। এতে ট্রেনের যাত্রীদের পাশাপাশি মহাসড়কে চলাচলকারী গণপরিবহন ও সাধারণ যাত্রীরা তীব্র ভোগান্তির শিকার হন।
প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চালক ইঞ্জিনটি ব্যাক পেছনে নিয়ে এসে বগিগুলোর সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর মহাসড়কে স্বাভাবিক হয় যানবাহন চলাচল।