দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
প্রকাশ: ০০:৩৬, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০০:৩৮, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নির্মাণাধীন চাঁদ সুলতানা হল থেকে মামুন (২৫) নামে এক শ্রমিক সুফিয়া কামাল হলের ছাত্রীদের লক্ষ্য করে একাধিকবার অশালীন অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী।
ঘটনার একটি ভিডিও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। একই সঙ্গে ছাত্রীদের আবাসিক হলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও নির্মাণাধীন ভবন থেকে ছাত্রীদের দিকে তাকিয়ে থাকা ও ছবি তোলার মতো ঘটনা ঘটেছে। কিছুদিন আগে ফজরের নামাজ শেষে হলের ছাদে হাঁটার সময় নির্মাণাধীন ভবন থেকে একজন তার ছবি তুলছিলেন বলে তিনি দাবি করেন। ওই সময় ফোনের ফ্ল্যাশও দেখতে পান বলে জানান তিনি।
ঘটনার পর সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক মো. ইফতেখারুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, নির্মাণাধীন ভবনের যেসব স্থান থেকে ছাত্রীদের দেখা যাওয়ার সুযোগ রয়েছে, সেসব জায়গায় প্রাথমিকভাবে নিরাপত্তাবেষ্টনী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকসহ কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের হেফাজতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছেন। অভিযোগে অভিযুক্ত শ্রমিকটি বর্তমানে পলাতক রয়েছে বলে জানান তিনি। তাকে পালিয়ে যেতে যারা সহযোগিতা করেছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের শনাক্ত করে অভিযুক্ত শ্রমিককে আটকের চেষ্টা চলছে।
প্রক্টর আরও বলেন, অভিযুক্ত শ্রমিককে আটক করা সম্ভব হলে তার বিরুদ্ধে থানায় মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, আবাসিক হলের আশপাশে নির্মাণকাজ চলাকালে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।