খুলনার সিভিল সার্জন ডেঙ্গু আক্রান্ত, বিভাগে ২৪ ঘণ্টায় ভর্তি ২৫৬ জন

এস কে রবিউল ইসলাম, খুলনা

প্রকাশ: ০১:৪০, ২ অক্টোবর ২০২৬ | আপডেট: ০১:৪২, ২ অক্টোবর ২০২৬

খুলনার সিভিল সার্জন ডেঙ্গু আক্রান্ত, বিভাগে ২৪ ঘণ্টায় ভর্তি ২৫৬ জন

খুলনায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন খুলনার সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুন। বর্তমানে তিনি সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ভবনের অতিথিকক্ষে চিকিৎসাধীন আছেন।

​সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় প্রশিক্ষণ শেষে জ্বর অনুভব করেন মাহফুজা খাতুন। পরদিন ২৯ সেপ্টেম্বর খুলনায় ফিরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। পরবর্তী সময়ে শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ডেঙ্গু পরীক্ষা করানো হয়। এতে তাঁর ডেঙ্গু পজিটিভ রিপোর্ট আসে। উল্লেখ্য, মোছা. মাহফুজা খাতুন ২০২৫ সালের ৬ মার্চ খুলনা সিভিল সার্জন হিসেবে যোগদান করেন।

​এদিকে খুলনা বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন করে ২৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৯৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৩ জন চিকিৎসা নিচ্ছেন। তবে গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে কারও মৃত্যু হয়নি; চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৪৮-এ অপরিবর্তিত রয়েছে।

​খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শেখ মো. মোশাররফ হোসেন জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ১৩ হাজার ৬৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১২ হাজার ১২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৬৭ জন চিকিৎসাধীন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য ৩২৮ জন রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

​বিভাগে জেলাভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে আশঙ্কাজনক পরিস্থিতি খুলনা জেলায়। এ জেলায় এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ হাজার ২১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই শনাক্ত হয়েছে ২ হাজার ৭৬৩ জন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন