আসন না পেলেও কুড়িগ্রাম অবহেলিত হবে না: ত্রাণমন্ত্রী

কামরুল হাসান:কুড়িগ্রাম (নাগেশ্বরী)

প্রকাশ: ০২:৩১, ২ অক্টোবর ২০২৬

আসন না পেলেও কুড়িগ্রাম অবহেলিত হবে না: ত্রাণমন্ত্রী

নির্বাচনে কুড়িগ্রামের কোনো আসনে দলীয় প্রার্থী জয়ী না হলেও উন্নয়নের ক্ষেত্রে এ জেলাকে অবহেলা করা হবে না বলে জানিয়েছেন দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার সকালে রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কুড়িগ্রাম দেশের অন্যতম পশ্চাৎপদ জেলা। এ জেলার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের আয় বাড়ানোই সরকারের প্রধান লক্ষ্য।

রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন প্রসঙ্গে তিনি বলেন, আধুনিক এ ভবনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের কাজের পরিবেশ উন্নত হবে এবং সাধারণ মানুষের সরকারি সেবা পাওয়াও সহজ হবে। উপজেলা পর্যায়ে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী আরও বলেন, দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক অসংগতি এক দিনে দূর করা সম্ভব নয়।

প্রশাসনকে শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

উদ্বোধন শেষে মন্ত্রী নতুন প্রশাসনিক ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারি সেবার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন