সাতক্ষীরায় চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে কলেজছাত্র খুন, আটক ১

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা

প্রকাশ: ২১:৪১, ৩ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে কলেজছাত্র খুন, আটক ১

সাতক্ষীরা শহরে একটি চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন হওয়ার ঘটনায় পুলিশ এক মাদ্রাসা ছাত্রকে আটক করেছে।

নিহত জাকারিয়া খান (১৯) সাতক্ষীরা শহরের কাটিয়া'র রুচিরা বেকারী মালিক আব্দুল গফুর খানের ছেলে ও সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এবার এইচএসসি ফল প্রত্যাশী। 

সাতক্ষীরা শহরের সঙ্গীতা সিনেমা মোড় এলাকার প্রাণী সম্পদ অফিসের প্রধান ফটকের চায়ের দোকানদার রবিউল ইসলাম জানান, শুক্রবার বিকেলে থেকে মোড়ে যুবদল ও ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ইটাগাছা গ্ৰামের মনিরুদ্দিন এর ছেলে মৃত গিয়াসউদ্দিনের ছেলে ও বিএনপি নেতা নাসিরউদ্দিন (দলিল লেখক) এর ভাইপো নাহিদ ইসলাম রনিসহ ৯/১০ জন তার দোকানে সিগারেট কিনতে আসে। তিনি সিগারেট দেননি। এ সময় তার ভাই লিটন হোসেন বাবুর ছেলে পল্লী মঙ্গল স্কুল এ- কলেজ থেকে পাশ করা বাপ্পি হাসান দোকানে চা বানাচ্ছিল। চায়ের বিল চাওয়াকে কেন্দ্র করে রনিসহ তার সহযোগীদের সঙ্গে বাপ্পির বচসা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, চা এর দাম ৫ টাকার স্থলে ১০ টাকা দাবি করলে ক্রেতারা চা দোকানী বাপ্পিকে  বেধড়ক পিটিয়ে জখম করে।

এ সময় রুচিরা বেকারীর মালিকের ছেলে জাকারিয়া খান চা দোকানী বাপ্পিকে রক্ষায় এগিয়ে এসে প্রতিবাদ করায় রনি তাকে এলোপাতাড়ি ছুরি দিয়ে বুকে ও পেটে আঘাত করে, জখম করে।

এসময় স্থানীয়রা জাকারিয়া ও বাপ্পিকে উদ্ধার করে রাত ১২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। ফুসফুসে ছুরির আঘাত লাগায় অবস্থার অবনতি হওয়ায় জাকারিয়াকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার দিবাগত রাত একটার দিকে তার মৃত্যু হয়। 

নিহত জাকারিয়া খান এর স্বজনরা জানান, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে লাবণী সিনেমা মোড়ের নিজেদের ব্যবসায়ি প্রতিষ্ঠান রুচিরা বেকারী থেকে বের হয়ে ইটাগাছা মামার দোকানে যায় জাকারিয়া, সেখান থেকে ফেরার সময় প্রাণী সম্পদ অফিসের প্রধান ফটকের পাশে রবিউলের চায়ের দোকানে কর্মরত বাপ্পি হাসানকে কিশোর গ্যাং এর সদস্য নাহিদ ইসলাম রনি ও তার সহযোগীদের হাত থেকে বাঁচাতে গেলে তার বুকে ও পেটে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় জাকারিয়ার ভাই শাহারিয়ার খান বাদি হয়ে শনিবার থানায় একটি এজাহার দায়ের করেছেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মোঃ শাহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাকারিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, শনিবার বাদ আসর সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড়স্থ বয়েজ হাইস্কুল মাঠে নিহত জাকারিয়া খান এর জানাজা শেষে মরদেহ দাফন সম্পন্ন করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন