দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
প্রকাশ: ২২:৩৮, ৩ অক্টোবর ২০২৬
শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুমকি থানায় খবর দেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শাহ জামাল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। তিনি সৌদি আরবপ্রবাসী ছিলেন এবং প্রায় তিন মাস আগে দেশে ফেরেন। প্রায় চার বছর আগে সৌদি আরবে অবস্থানকালে ফেসবুকের মাধ্যমে শিশুটির মায়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর থেকে ওই পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য, গত ২৬ সেপ্টেম্বর শাহ জামাল শিশুটির বাড়িতে গিয়ে তার বাবা মো. নেছার উদ্দিনকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উপহার দেন। এতে পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয় বলে পুলিশের দাবি।
ঘটনার দিন বিকেলে শিশুটিকে খাবার কিনে দেওয়ার কথা বলে বাড়ির পাশের অটোরিকশা স্ট্যান্ডে নিয়ে যান শাহ জামাল। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাকে সঙ্গে যেতে বাধ্য করা হয় বলে পুলিশ জানিয়েছে। পরে তাকে দুমকি থানার পাগলা মোড় বাসস্ট্যান্ডে নিয়ে যান তিনি। সেখান থেকে বিকেল ৫টার দিকে বাসযোগে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন তারা।
শিশুটির সন্ধান পাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশে দুমকি থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল অভিযান শুরু করে। পাগলা মোড়, পায়রা সেতুর টোল প্লাজাসহ বিভিন্ন এলাকার শতাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়। একই সঙ্গে তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়।
পুলিশ জানায়, একপর্যায়ে শিশুটির অবস্থান ঢাকার দিকে শনাক্ত হয়। পরে দুমকি থানার একটি দল ঢাকায় গিয়ে শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এসআরবি-১০-এর সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। একই সময় শাহ জামালকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা মো. নেছার উদ্দিন বাদী হয়ে ৩ অক্টোবর দুমকি থানায় মামলা করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৫)-এর ৭/৩০ ধারায় করা হয়েছে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ জামাল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজলের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।