লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই জেলের কারাদণ্ড, দুই ওষুধের দোকানকে জরিমানা

আব্দুল আহাদ,  লক্ষ্মীপুর

প্রকাশ: ০৯:৩৫, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৯:৩৮, ১৩ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই জেলের কারাদণ্ড, দুই ওষুধের দোকানকে জরিমানা

লক্ষ্মীপুরে পৃথক দুটি অভিযানে দুই জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুটি ওষুধের দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) ভোরে কমলনগরের মতিরহাট মাছঘাটে এবং দুপুর ১২টায় লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মতিরহাট মাছঘাটে অভিযান পরিচালনা করেন কমলনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হুসাইন। এ সময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী দুই জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে জব্দ করা ১৫ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় দান করা হয়।

অন্যদিকে, দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খানের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদনবিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩ অনুযায়ী দুটি ওষুধের দোকানকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জনস্বার্থে জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন