সেনবাগে ইউনিয়নের নাম পরিবর্তনের অনুমোদন, নতুন নাম ছিলোনিয়া

মোঃ হাবিবুর রহমান, সেনবাগ (নোয়াখালী)

প্রকাশ: ১৬:২১, ১৩ অক্টোবর ২০২৬

সেনবাগে ইউনিয়নের নাম পরিবর্তনের অনুমোদন, নতুন নাম ছিলোনিয়া

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে ‘৫নং ছিলোনিয়া ইউনিয়ন পরিষদ’ নামকরণের প্রস্তাবে সম্মতি দিয়ে পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে ‘৫নং ছিলোনিয়া ইউনিয়ন পরিষদ’ নামকরণের প্রস্তাবটি পর্যালোচনার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালীর জেলা প্রশাসককে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
চিঠির সূত্রে জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালীর ২৮ জুলাই ২০২৬ তারিখের ২৬৯ নম্বর স্মারকের উল্লেখ রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো প্রস্তাব পর্যালোচনার পর স্থানীয় সরকার বিভাগ এ নির্দেশনা দিয়েছে।
এ-সংক্রান্ত চিঠির অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ীর আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের কাছেও পাঠানো হয়েছে।
নাম পরিবর্তনের প্রক্রিয়া আরও এক ধাপ এগোল
স্থানীয় সরকার বিভাগের এ নির্দেশনার মধ্য দিয়ে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তনের প্রশাসনিক প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। তবে নাম পরিবর্তনের চূড়ান্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী আদেশ বা প্রজ্ঞাপন জারির বিষয়টি গুরুত্বপূর্ণ।
পরবর্তী প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হলে সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদ ‘৫নং ছিলোনিয়া ইউনিয়ন পরিষদ’ নামে পরিচিত হবে। এখন নাম পরিবর্তনের চূড়ান্ত বাস্তবায়ন নির্ভর করছে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের ওপর।

আরও পড়ুন