ইয়াছিন মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১৫:০৬, ১৪ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘরে পচা ডিম ও ক্ষতিকর কেমিক্যাল দিয়ে মুখরোচক বেকারির খাবার পণ্য তৈরির অপরাধে ‘এশিয়া বেকারি কে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে সদর উপজেলার ভাদুঘর এলহামপাড়ায় এলাকায় অবস্থিত বেকারিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আলী আজগর কম মূল্যে বিভিন্ন উৎস থেকে খাওয়ার অযোগ্য পচা ডিম সংগ্রহ করতেন। পরবর্তীতে বিশেষ কেমিক্যাল প্রয়োগ করে ডিমের দুর্গন্ধ দূর করে নিয়মিত তৈরি করা হতো কেক, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। অভিযানের সময় বেকারি মালিক নিজের অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে লিখিত মুচলেকা দেন।
জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর এই অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী এশিয়া বেকারিকে নগদ-১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। সেই সাথে ভবিষ্যতে একই অপরাধ করলে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কঠোর সতর্কবার্তা দেয় অধিদপ্তর।
অধিদপ্তরের সহকারী পরিচালক
জনাব ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তা সাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জনস্বার্থে এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।