এম সনজু আহমেদ, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১৯:২১, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:২২, ১৪ অক্টোবর ২০২৬
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফরিদপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খাদ্যপণ্য ও ওষুধসহ বিভিন্ন পণ্যের উৎপাদন, সংরক্ষণ ও বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে মো. লিটন মিয়ার মালিকানাধীন আলিফ ফুড প্রোডাক্টসের সব লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকার বিষয়টি শনাক্ত করা হয়। পাশাপাশি পচা মরিচ ব্যবহার এবং অপরিচ্ছন্ন স্থানে মরিচ শুকানোর বিষয়টিও নজরে আসে।
এসব অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়নের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তাঁকে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।