পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, গ্রহীতাদের ৫ গাছ লাগানোর অঙ্গীকার

জাকির ফরাজী, পিরোজপুর

প্রকাশ: ১১:২৬, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:২৯, ১৫ অক্টোবর ২০২৬

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, গ্রহীতাদের ৫ গাছ লাগানোর অঙ্গীকার

‎সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পিরোজপুরে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ ও ডিজিটাল তথ্যভান্ডার তৈরির কার্যক্রম শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, স্থাবর-অস্থাবর সম্পদসহ আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করবেন তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা। পাশাপাশি ফ্যামিলি কার্ডের প্রত্যেক গ্রহীতাকে পাঁচটি করে গাছ লাগানোর অঙ্গীকার করতে হবে বলে জানিয়েছেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার।

‎সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাইপাস এলাকায় পরিবারভিত্তিক তথ্য এন্ট্রি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে পরিবারের আর্থসামাজিক অবস্থা ও সম্পদের তথ্য সংগ্রহ করে ডিজিটাল তথ্যভান্ডারে অন্তর্ভুক্ত করার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার, সহকারী পরিচালক মো. ইব্রাহিম খলিল ও জাকির হোসেন হাওলাদার এবং সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মতিউর রহমান।
‎
‎এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা যুবদলের সদস্যসচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম, বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র এবং পজিটিভ পিরোজপুরের সভাপতি মো. হাবিবুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
‎
‎অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা কাজ শুরু করেছেন। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, স্থাবর-অস্থাবর সম্পদসহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন। পরে এসব তথ্য সার্ভারে সংরক্ষণ করা হবে।
‎
‎তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে প্রত্যেক ফ্যামিলি কার্ড গ্রহীতাকে পাঁচটি করে গাছ লাগানোর অঙ্গীকার করতে হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
‎
‎সরকারের এ কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করে কর্মসূচির আওতায় সুবিধা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন