রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

আল আমিন, রায়পুরা (নরসিংদী)

প্রকাশ: ১৩:১৮, ১৫ অক্টোবর ২০২৬

রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম তারেক (৩৬)। অভিযুক্ত বাবার নাম অলিউল্লাহ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারেক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গতকাল মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করেন তিনি। টাকা না পেয়ে বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালান বলেও জানা গেছে। ছেলের এমন আচরণে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়।

একপর্যায়ে বৃহস্পতিবার ভোরে তারেককে বাড়ির পাশের একটি গোয়ালঘরে নিয়ে বেঁধে রাখা হয়। পরে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুজিবুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় অভিযুক্ত বাবা অলিউল্লাহ পলাতক রয়েছেন বলে জানা গেছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন