দাবি পূরণ না হওয়ায় আবারও সাজেকে সড়ক অবরোধ

চাই সুই উ মারমা, রাঙামাটি

প্রকাশ: ১৬:৫৮, ১৫ অক্টোবর ২০২৬

দাবি পূরণ না হওয়ায় আবারও সাজেকে সড়ক অবরোধ

নিরাপত্তা নিশ্চিত করা ও সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে রাঙামাটির সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৬টা থেকে বাঘাইহাট-সাজেক সড়কে এ অবরোধ শুরু হয়। এ সময় সড়কে আগুন জ্বালান অবরোধকারীরা।

অবরোধকারীদের অভিযোগ, ৪৮ ঘণ্টার সময়সীমার মধ্যে জেএসএস (সন্তু গ্রুপ)-এর সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি পূরণে প্রশাসন ব্যর্থ হয়েছে। পাশাপাশি দেওয়া শর্ত ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে তাঁরা পুনরায় অবরোধ কর্মসূচি শুরু করেছেন।

এদিকে, অবরোধ ও পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সাজেকের পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। একই সঙ্গে পর্যটন খাতের সঙ্গে যুক্ত শত শত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

এর আগে গত রোববার অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেন আন্দোলনকারীরা। পরে প্রশাসনের আশ্বাস ও প্রতিশ্রুতির পর প্রায় সাড়ে ১১ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় আবারও কর্মসূচিতে নেমেছেন তাঁরা।

অবরোধকারীরা জানিয়েছেন, কর্মসূচি চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও মরদেহবাহী গাড়ি চলাচলে বাধা দেওয়া হবে না। এ ছাড়া জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র বহনকারী গাড়ি এবং সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন