গোমস্তাপুরে আগুনে পুড়ে ছাই সততা বিস্কুট কারখানা

মোঃ ওলিউল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ: ০৯:৪৮, ১৬ অক্টোবর ২০২৬

গোমস্তাপুরে আগুনে পুড়ে ছাই সততা বিস্কুট কারখানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা বাজারে অবস্থিত সততা বিস্কুট ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্র লেলিহান শিখায় পুরো ফ্যাক্টরি পুড়ে ছাই হয়ে গেছে। এতে কারখানার মালামাল ও সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ফ্যাক্টরির কর্মচারীদের সূত্রে জানা যায়, ফ্যাক্টরির চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে আগুনে ফ্যাক্টরির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। কারখানার কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

ফ্যাক্টরিটির মালিক ভাদু এ ঘটনায় চরম ক্ষতির মুখে পড়েছেন। নিজের ব্যবসাপ্রতিষ্ঠানটি আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় তিনি ভেঙে পড়েছেন। কারণ, এই ফ্যাক্টরিই ছিল তাঁর পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। আগুনে কারখানাটি ধ্বংস হয়ে যাওয়ায় তাঁর উপার্জনের প্রধান পথটি বন্ধ হয়ে গেছে।

এদিকে, এই ফ্যাক্টরির ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতেন আরও বেশ কয়েকটি পরিবারের সদস্যরা। কারখানাটি পুড়ে যাওয়ায় এসব পরিবারের মধ্যেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফ্যাক্টরির কর্মচারী ও তাঁদের পরিবারের জীবিকা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

একটি অগ্নিকাণ্ডে শুধু একটি ব্যবসাপ্রতিষ্ঠানই ধ্বংস হয়নি, এর সঙ্গে জড়িত একাধিক পরিবারের আয়ের উৎসও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরির মালিক ও কর্মচারীদের পরিবারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন স্থানীয়রা।

অগ্নিকাণ্ডে মোট আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন