মোঃআহছান উল্লাহ,কুমিল্লা
প্রকাশ: ১৯:৫১, ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ছত্রখিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাউছার কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা। তিনি স্থানীয় আরেক নেতা কবিরের ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, ছত্রখিল এলাকায় একটি জমি নিয়ে কাউছারদের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসায় বৃহস্পতিবার এলাকায় সালিশ বৈঠকও হয়। তবে শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমির কাছে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কাউছারের ওপর হামলা চালায়। এ সময় তাঁর মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কোপানো হয়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুমিল্লা ট্রমা সেন্টারে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি জানান, প্রাথমিকভাবে জমিসংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।