সেনবাগে ডেঙ্গু রোগীদের ১০ শয্যা দেওয়ার ঘোষণা এমপি ফারুকের

মোঃ হাবিবুর রহমান, সেনবাগ (নোয়াখালী)

প্রকাশ: ১৫:২৪, ১৭ অক্টোবর ২০২৬

সেনবাগে ডেঙ্গু রোগীদের ১০ শয্যা দেওয়ার ঘোষণা এমপি ফারুকের

নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পৃথকভাবে চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিজ অর্থায়নে ১০টি শয্যা, বিছানা, বালিশ, মশারি ও প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম দেওয়ার ঘোষণা দিয়েছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ীর আংশিক) আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সভায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি এ ঘোষণা দেন।

সভায় সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে অকেজো হয়ে থাকা আল্ট্রাসনোগ্রাফি মেশিনের পরিবর্তে নতুন মেশিন সরবরাহ এবং কিডনি রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বরাদ্দের বিষয়টি তুলে ধরা হয়। এ বিষয়ে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এ সময় মন্ত্রী দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।

সভায় গর্ভবতী নারীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে আল্ট্রাসনোগ্রাফি মেশিনের গুরুত্ব নিয়েও আলোচনা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নির্দেশ দিয়ে স্বাস্থ্য সেবা সহজলভ্য করার বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য।

সভা শেষে জয়নুল আবদিন ফারুক হাসপাতালের বিভিন্ন বিভাগ ও জরুরি বিভাগ পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন। এ সময় রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অনৈতিকভাবে আদায় করা ২০ টাকার টোকেন মানি বন্ধের নির্দেশ দেন তিনি।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং ডেঙ্গু রোগীদের পৃথকভাবে চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগকে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন