খালিদ হত্যার বিচারের দাবিতে ওসমানীনগরে মানববন্ধন

মোঃ সুয়েব আহমদ, ওসমানীনগর (সিলেট)

প্রকাশ: ১৫:৪৪, ১৭ অক্টোবর ২০২৬

খালিদ হত্যার বিচারের দাবিতে ওসমানীনগরে মানববন্ধন

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী উত্তর কালনীরচর গ্রামের মো. খালিদ মিয়াকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার উপজেলার কালনীচর বাজারে স্থানীয় সর্বস্তরের গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী অংশ নিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। নিহত খালিদ মিয়া আশারকান্দি ইউনিয়ন যুবদলের কোষাধ্যক্ষ শুকুর জামালের বড় ভাই।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, আসামিরা জামিনে মুক্ত হয়ে পুনরায় তাদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছেন। এতে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা নিজেদের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
পরিবারের সদস্যদের দাবি, উত্তর কালনীরচর গ্রামের এসএ খতিয়ান নং-৬০৩ ও এসএ দাগ নং-২০৭-এর ৩৬ শতক মৌরসি জমিতে তারা দীর্ঘদিন ধরে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। তাদের অভিযোগ, ওই জমি নিয়ে প্রতিপক্ষ জুনাইদ মিয়া ও তার সহযোগীদের পূর্বসূরিরা ১৯৫৮ সালে তাদের দাদা, লন্ডনপ্রবাসী আজর উল্লার স্বাক্ষর জাল করে একটি ভুয়া দলিল তৈরি করেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে হাল জরিপে তদন্তের মাধ্যমে তাদের দখলদার হিসেবে তসদিক পর্চা দেওয়া হলেও প্রতিপক্ষ আব্দুল হামিদ গং গোপনে জমিটি নিজেদের নামে বিএস রেকর্ডভুক্ত করেন। এ ঘটনায় জাল দলিল বাতিল ও বিএস রেকর্ড সংশোধনের দাবিতে নিহতের পরিবার সিলেটের বালাগঞ্জের সিনিয়র সিভিল জজ আদালতে স্বত্ব মোকদ্দমা (নং-৫২৩/২০২১) দায়ের করে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
মানববন্ধনে পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন, জমি নিয়ে মামলা বিচারাধীন থাকা অবস্থায় গত কয়েক দিন ধরে জুনাইদ মিয়া, উবাইদ মিয়া, মর্তুজ আলী ও মতছির আলীসহ তাদের সহযোগীরা বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালাচ্ছেন। রাতের আঁধারে একাধিকবার হামলা চালিয়ে তাদের প্রাণনাশের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
তাদের দাবি, আসামিরা এর আগেও একটি হত্যা মামলার আসামি ছিলেন। জামিনে মুক্ত হওয়ার পর তারা আবারও বেপরোয়া হয়ে উঠেছেন এবং পরিবারটিকে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করছেন।
মানববন্ধনে বক্তারা মো. খালিদ মিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিহতের পরিবারের নিরাপত্তা জোরদারের দাবি জানান। একই সঙ্গে তারা মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সিনিয়র নেতা আলাউর রহমান ইয়াওর, যুবদল নেতা সিজিল আহমদ, খছরু মিয়া, নুর মিয়া, ছইল মিয়া, আসাদ মিয়া, আব্দুল কাদির, হোসেন মিয়া, দরছ মিয়া, আব্দুল গফফার, জামাল মিয়া, খলকু মিয়া, এলাইছ মিয়া, মহন মিয়া, শুকুর জামাল, আলী ইকবাল, সজ্জাদ মিয়া, রকিব মিয়া ও সজিব মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন