দুমকি স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে পক্ষে-বিপক্ষে মানববন্ধন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৬:০০, ১৭ অক্টোবর ২০২৬

দুমকি স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে পক্ষে-বিপক্ষে মানববন্ধন

পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীনের বদলি আদেশকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন স্থানীয় দুই পক্ষ। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আয়োজিত মানববন্ধনকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।

‘দুমকি উপজেলার সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জি এম এনামুল হক। মানববন্ধনে চিকিৎসক, নার্স, কমিউনিটি ক্লিনিকের মাঠকর্মী, ওষুধ কোম্পানির প্রতিনিধি ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকেরা অংশ নেন।

বক্তারা বলেন, ডা. মীর শহীদুল হাসান শাহীন মানবিক ও জনবান্ধব চিকিৎসক। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে তাঁর বদলির আদেশ প্রত্যাহার করা প্রয়োজন। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

অন্যদিকে, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াসিমের নেতৃত্বে স্থানীয়দের আরেকটি অংশ বদলির আদেশ বহাল রাখার দাবি জানান। তাঁদের অভিযোগ, হাসপাতালের চিকিৎসাব্যবস্থায় একটি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণ রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

বিরোধিতাকারীরা আরও বলেন, রোগীর চাপের মধ্যে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে বদলি ঠেকানোর দাবিতে মানববন্ধন এবং কমিউনিটি ক্লিনিকের মাঠকর্মীদের কর্মস্থল থেকে নিয়ে আসার বিষয়টি জনস্বার্থের পরিপন্থী। মানববন্ধনে ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের অংশগ্রহণ নিয়েও তাঁরা প্রশ্ন তোলেন।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পক্ষ বদলি প্রত্যাহারের দাবি জানায়, অন্য পক্ষ সরকারি সিদ্ধান্ত বহাল রাখার পক্ষে অবস্থান নেয়।

মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সৈয়দ শাহ আলম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জসিম, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন, কমিউনিটি মেডিকেল অফিসার ডা. জাহিদ ও ডা. কাজী ফাবিয়া জাহানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

চিকিৎসকের বদলি নিয়ে দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন