জাকির ফরাজী, পিরোজপুর
প্রকাশ: ১৮:৪৩, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৪৫, ২০ অক্টোবর ২০২৬
সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলারটিতে ৫০ জনের বেশি যাত্রী ও ছয়টি মোটরসাইকেল ছিল। অতিরিক্ত বোঝার কারণে ট্রলারটি ডুবে গেলে অধিকাংশ যাত্রী তীরে উঠতে সক্ষম হন। তবে নিখোঁজ হন নেছারাবাদ উপজেলার ভরতকাঠী গ্রামের রিনা বেপারী ও তাঁর মেয়ে অর্পিতা। রাত ১১টা ১০ মিনিটে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজা চলাকালে যাত্রীর চাপ বেশি ছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও খোঁজ নেওয়া হয়েছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। নিখোঁজ নারীকে উদ্ধারে চেষ্টা অব্যাহত থাকবে। পিরোজপুরে ডুবুরি-সংকটের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
ট্রলার চলাচল নিয়ে সিন্ডিকেটের অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের সিন্ডিকেটের প্রশ্নই আসে না। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা জানান, নিখোঁজ নারীকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় কারও অবহেলা থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।