সাটুরিয়ায় জুয়ার আসর থেকে ৭ জন গ্রেপ্তার, তাস ও নগদ টাকা জব্দ

সাইফুল ইসলাম, ধামরাই (ঢাকা)

প্রকাশ: ১২:২৫, ২৪ অক্টোবর ২০২৬

সাটুরিয়ায় জুয়ার আসর থেকে ৭ জন গ্রেপ্তার, তাস ও নগদ টাকা জব্দ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দুই বান্ডিল তাস ও নগদ ৩ হাজার ৩৫০ টাকা জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আনোয়ার হোসেন, মো. আবদুল হালিম, মো. ইসমাইল হোসেন, মো. বাচ্চু মিয়া, মো. জুয়েল হোসেন, মো. শাহীন মিয়া ও মো. পলাশ মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) এস এম সুলতান মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ টহল ডিউটিতে নিয়োজিত ছিল। এ সময় সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার উত্তর কাউন্নারা এলাকায় মো. হালিম চৌধুরীর একটি পরিত্যক্ত তিনতলা ভবনের ছাদে টাকার বিনিময়ে জুয়ার আসর বসেছে।

খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সাতজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে দুই বান্ডিল তাস, একটি প্লাস্টিকের চট ও নগদ ৩ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন