বানারীপাড়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা, প্রধান আসামি গ্রেফতার

হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল)

প্রকাশ: ১০:৩৪, ২৪ অক্টোবর ২০২৬

বানারীপাড়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা, প্রধান আসামি গ্রেফতার

বরিশালের বানারীপাড়া উপজেলায় চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে চলন্ত ইজিবাইকে এক গৃহবধূকে দলবদ্ধভাবে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে চালক ও তার সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইজিবাইকচালক সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত ১৭ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের পদ্মবুনিয়া বাজারের উত্তর পাশের একটি নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে ইজিবাইকে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে পদ্মবুনিয়া বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে ইজিবাইকচালক সেলিম ও তার সহযোগী সোহাগ তাঁর সঙ্গে অসদাচরণ এবং শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় ভুক্তভোগী তাঁদের কাছে আকুতি জানিয়ে নিজের পারিবারিক পরিস্থিতির কথা তুলে ধরেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা তাঁকে ছাড়েননি। একপর্যায়ে চলন্ত ইজিবাইকের নিয়ন্ত্রণ অন্য চালকের হাতে দিয়ে তাঁরা ওই গৃহবধূর সঙ্গে অশোভন আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা চালান।

এ অবস্থায় নিজের সম্ভ্রম রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত ইজিবাইক থেকে পাকা সড়কে লাফিয়ে পড়েন ওই নারী। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান বলে জানা গেছে।

ঘটনার পর নানা প্রতিকূলতা পেরিয়ে ভুক্তভোগীর পরিবার বানারীপাড়া থানায় মামলা দায়ের করে। মামলাটি যৌন নিপীড়নের অভিযোগে রেকর্ড করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে পুলিশের অভিযানে মামলার প্রধান অভিযুক্ত ইজিবাইকচালক সেলিমকে গ্রেফতার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর অভিযুক্তদের রক্ষায় একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত, বাকি আসামিদের দ্রুত গ্রেফতার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন