জিহাদুল ইসলাম, যাত্রাবাড়ী
প্রকাশ: ১৪:২৬, ২৪ অক্টোবর ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী-শনির আখড়া সংলগ্ন রায়েরবাগ বাস স্ট্যান্ড ও ফুটপাত এলাকায় উচ্ছেদ অভিযানের খবর পেলেই শুরু হয় দোকানপাট গুটিয়ে নেওয়ার হিড়িক। মেজিস্ট্রেট বা সিটি কর্পোরেশনের উচ্ছেদকারী দল আসার আগেই তড়িঘড়ি করে নিজেদের অবৈধ অবকাঠামো ভেঙে বা সরিয়ে নিরাপদ দূরত্বে সরে যান ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে অভিযান শেষ হতে না হতেই আবারো আগের জায়গায় ফিরে আসে ফুটপাত ও অবৈধ স্থাপনা। উচ্ছেদ বনাম ক্ষুদ্র ব্যবসায়ীদের এই লুকোচুরির স্থায়ী সমাধান কবে—সেই প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীরা।
শনিবার (২৪ অক্টোবর) রায়েরবাগ বাস স্ট্যান্ড এলাকায় সরেজমিনে দেখা যায়, উচ্ছেদ বা প্রশাসনের তদারকির আশঙ্কায় ফুটপাত ও সড়ক ঘেঁষে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাটের চাল, বাঁশ ও টিন সরাতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। অনেকে তড়িঘড়ি করে সামিয়ানা ও অবকাঠামো ভেঙে সরিয়ে নিচ্ছেন।
স্থানীয়দের অভিযোগে জানা যায়, ব্যস্ততম রায়েরবাগ বাস স্ট্যান্ডের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে অস্থায়ী দোকান গড়ে ওঠায় নিয়মিত তীব্র যানজট ও পথচারী চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। মাঝেমধ্যেই সিটি কর্পোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালালেও ব্যবসায়ীদের এই 'লুকোচুরি' খেলার কারণে অভিযানের সুফল স্থায়ী হচ্ছে না।
এ বিষয়ে এলাকার পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু সাময়িক অভিযান বা উচ্ছেদের ভয় দেখিয়ে ফুটপাত ও সড়ক মুক্ত করা সম্ভব নয়। নিয়মিত তদারকি নিশ্চিত করার পাশাপাশি ফুটপাত স্থায়ীভাবে সাধারণ মানুষের চলাচলের উপযোগী রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।