শিল্পাঞ্চলের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ চান ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:০৪, ২৫ অক্টোবর ২০২৬

শিল্পাঞ্চলের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ চান ববি হাজ্জাজ

বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের উন্নয়ন, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার নিয়ে গার্মেন্টস মালিকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি হোটেলে গার্মেন্টস ওনার্স গ্রুপের সৌজন্যে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

সভায় ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর ও আদাবর এলাকার গার্মেন্টস কারখানাগুলোর নিরাপত্তা, শ্রমিকদের নিরাপদ যাতায়াত, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধ এবং কারখানাকেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলার বিষয়ে আলোচনা হয়।

শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদারে গার্মেন্টস মালিক, পুলিশ প্রশাসন ও সংসদ সদস্যের কার্যালয়ের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রস্তাব তুলে ধরা হয়। এ লক্ষ্যে চারটি টহলযান ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ, ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশের টহল জোরদার এবং কারখানার প্রবেশপথ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি নজরদারি সম্প্রসারণের বিষয়েও আলোচনা করা হয়।

এ ছাড়া কারখানার নিরাপত্তাঝুঁকি চিহ্নিত করা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় শিল্পমালিকেরা তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন। সংশ্লিষ্ট অংশীজনদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের উন্নয়ন ও সম্ভাবনাকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন