শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬:৪৫, ১৮ নভেম্বর ২০২৬
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাংলা পঞ্জিকার পহেলা অগ্রহায়ণ ও নবান্ন উৎসবকে কেন্দ্র করে প্রায় দুই শতাব্দী ধরে এ মেলার আয়োজন হয়ে আসছে। মেলাকে ঘিরে উথলী, রথবাড়ি, ছোট ও বড় নারায়ণপুর, ধোন্দাকোলা, সাদুল্যাপুর, বেড়াবালা, আকন্দপাড়া, গরীবপুর, দেবীপুর, গুজিয়া, মেদনীপাড়া, বাকশন, রহবল, মোকামতলা ও লক্ষ্মীকোলাসহ আশপাশের অন্তত ২৫ গ্রামের মানুষের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এ উপলক্ষে বাড়িতে বাড়িতে মেয়ে-জামাইসহ আত্মীয়স্বজনদের আগাম আমন্ত্রণ জানানো হয়। ফলে মেলাটি শুধু কেনাবেচার আয়োজন নয়, আত্মীয়স্বজনের মিলনমেলাতেও পরিণত হয়।
মেলাকে সামনে রেখে আগের রাত থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে মাছ নিয়ে ব্যবসায়ীরা উথলী বাজারে আসতে শুরু করেন। নদী, হাওর ও বিলের বড় আকারের রুই, কাতলা, চিতল, ব্রিগেট ও সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে বসেন বিক্রেতারা। মাছের পাশাপাশি মেলায় উঠেছে শীতকালীন নতুন সবজি, নতুন আলু ও বিভিন্ন কৃষিপণ্য।
মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, মেলায় এবার বেচাকেনা ভালো হচ্ছে। ক্রেতাদের উপস্থিতিও বেশ। সকাল থেকেই ভালো বিক্রি হয়েছে।
মেলায় আকারভেদে প্রতি কেজি রুই মাছ ৪০০ থেকে ৭০০ টাকা, কাতলা ৪০০ থেকে ৬০০ টাকা, চিতল ৬০০ থেকে ৭০০ টাকা, ব্রিগেট ৩৫০ থেকে ৫০০ টাকা এবং সিলভার কার্প ২৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। নবান্নের আকর্ষণ নতুন আলুর দামও চড়া। প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।
মাছের পাশাপাশি মেলায় বসেছে মিষ্টি, দই, জিলাপি, মুড়ি-মুড়কি, খই, মাটির তৈজসপত্র, খেলনা এবং বাঁশ-বেতের সামগ্রীর দোকান। দূরদূরান্ত থেকে আসা মানুষের পদচারণায় মেলাপ্রাঙ্গণ হয়ে উঠেছে গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির মিলনস্থল।
মেলায় আসা স্থানীয় সনাতন সম্প্রদায়ের বাসিন্দা স্বপন কুমার বলেন, ‘এই মেলা আমাদের এলাকার ঐতিহ্য। আমাদের বাবা-দাদারাও এখানে আসতেন। ছোটবেলা থেকেই আমরা মেলায় আসছি। এখন সন্তানদেরও নিয়ে আসি, যাতে তারাও এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে।’
মেলা পরিচালনাকারী ফরমান আলী বলেন, নবান্ন উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর এ মেলার আয়োজন করা হয়। দীর্ঘদিনের এ ঐতিহ্য ধরে রাখতে স্থানীয়দের সহযোগিতায় মেলার আয়োজন অব্যাহত রয়েছে।
মেলার নিরাপত্তা প্রসঙ্গে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান বলেন, উথলীর ঐতিহ্যবাহী নবান্নের মাছের মেলাকে কেন্দ্র করে আশপাশের গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয়স্বজনের মিলনমেলা বসে। মেলা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে থানা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
শীর্ষ সংবাদ: