বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশ: ২৩:৪৯, ২১ নভেম্বর ২০২৬
প্রবাসে থেকেও নিজ এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে অবদান রাখায় বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নবনির্বাচিত সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী গুলজার খানকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশ্বনাথ উপজেলাবাসীর ব্যানারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি নিজ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে অসামান্য অবদান রেখে চলেছেন। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের মতো সংগঠনগুলো শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, গুলজার খানের মতো নিবেদিতপ্রাণ সমাজসেবীদের সম্মানিত করা শুধু একজন ব্যক্তির সম্মান নয়, বরং সমাজের ভালো কাজের স্বীকৃতি এবং অন্যদের মানবকল্যাণে এগিয়ে আসার অনুপ্রেরণা। প্রবাসীদের সম্মান জানানোর এ মহতী উদ্যোগ বিশ্বনাথের উন্নয়ন ও শিক্ষার অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।
সংবর্ধিত অতিথি গুলজার খান বিশ্বনাথবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আজকের এই নাগরিক সংবর্ধনা আমার জীবনের অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় একটি মুহূর্ত। এই সম্মান আমার একার নয়; এটি বিশ্বনাথের সর্বস্তরের মানুষের ভালোবাসা, আস্থা ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। প্রবাসে থাকলেও আমার হৃদয় সবসময় জন্মভূমি বিশ্বনাথের মানুষের সঙ্গে সম্পৃক্ত। শিক্ষা ও মানবকল্যাণে কাজ করার যে দায়িত্ব ও সুযোগ পেয়েছি, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব।’
সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া ও বিএনপি নেতা সুরমান খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম, উপজেলা বিএনপির সভাপতি ও প্রবাসী এডুকেশন ট্রাস্টের সিনিয়র সদস্য গৌছ আলী, বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, বর্তমান অধ্যক্ষ আবুল কাশেম, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, ট্রাস্টের সদস্য গৌছ আলী মুমিন খান মুন্না, আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভেজ রশিদ মঙ্গল, রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মতিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল কান্তি দে, মোহাম্মদীয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
এছাড়া দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বাবুল কান্তি দে মেঘল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, জেলা জামায়াত নেতা মাওলানা মাহমুদুর রহমান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি আব্দর রব, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রভেল ও বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইয়াছিন আহমদ। শেষে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া উপজেলা জাসাস ও জিয়া মঞ্চসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তাঁদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীর্ষ সংবাদ: