কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

চট্টগ্রাম প্রতিনিধি :

প্রকাশ: ১০:৪৪, ২২ নভেম্বর ২০২৬

কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রধান সড়কের পাশাপাশি অলিগলিও উন্নয়নের আওতায় আনা হবে। কোনো এলাকাকে উন্নয়নের বাইরে রাখা হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, বর্ষাকাল শেষ হওয়ায় আগামী পাঁচ থেকে ছয় মাস, পুরো শীতকাল ও বসন্ত মৌসুমজুড়ে নগরীর বিভিন্ন এলাকায় সড়ক সংস্কার ও উন্নয়নকাজ চলবে। প্রতিটি ওয়ার্ডের অলিগলি চিহ্নিত করে পর্যায়ক্রমে এসব কাজ বাস্তবায়ন করা হবে।

শনিবার (২১ নভেম্বর) নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চসিকের অর্থায়নে পাঁচটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উদ্বোধন করা সড়কগুলো হলো ডি.সি. রোডের ফজলুর রহমান পাড়া (জালিয়াপাড়া) সড়ক, চাঁন্দমিয়া মুন্সি লেইনের আমীর হোসেন সড়ক ও আবেদীন সওদাগর সড়ক, মদিনা আবাসিক এলাকার আমিরুন্নেছা সড়ক এবং সবুজবাগ আবাসিক এলাকার মনোআরা ভবন সংলগ্ন সড়ক।

চসিক প্রশাসক বলেন, গত দুই বছরে নগরীতে সড়ক, অবকাঠামো, নালা ও ড্রেন সংস্কারসহ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক উন্নয়নকাজ চলমান রয়েছে। কোনো কোনো ওয়ার্ডে ১২৫ থেকে ১৫০ কোটি টাকা এবং কোনো কোনো ওয়ার্ডে ২২৫ থেকে ২৫০ কোটি টাকার উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডেও ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে।

তিনি বলেন, নগরীর অনেক অলিগলি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। এসব সড়ক উন্নয়নের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। নগরীর প্রধান সড়কের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে সিটি কর্পোরেশন কাজ করছে। এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে প্রশাসক বলেন, নাগরিকদের প্রত্যাশা পূরণে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা হবে। নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়নের মাধ্যমে সুন্দর ও পরিকল্পিত নগরী গড়ে তোলা হবে।

এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও শাফকাত আমিন উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন