তিন দিনের বৃষ্টিতে খাবার সংকট, নদীভাঙনের আতঙ্কে পিরোজপুরের মানুষ

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১২:১২, ২২ নভেম্বর ২০২৬

তিন দিনের বৃষ্টিতে খাবার সংকট, নদীভাঙনের আতঙ্কে পিরোজপুরের মানুষ

‎ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত পিরোজপুরের নিম্ন আয়ের মানুষের জীবন। বৃষ্টি ও জলাবদ্ধতায় কাজ বন্ধ থাকায় দিনমজুর ও শ্রমজীবী পরিবারগুলোতে দেখা দিয়েছে খাদ্যসংকট। অনেকের ঘরে খাবার নেই, জরাজীর্ণ ঘরের ছাউনি দিয়ে বৃষ্টির পানি পড়ছে। এর সঙ্গে নদীভাঙন ও প্লাবনের আতঙ্কে দিন কাটছে নদীতীরবর্তী এলাকার মানুষের।

‎বৃহস্পতিবার রবিবার সকাল পর্যন্ত থেকে টানা বৃষ্টিতে জেলার কচা, বলেশ্বর, সন্ধ্যা ও পানগুছি নদীর তীরবর্তী জনপদে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে দিন এনে দিন খাওয়া মানুষ কাজের সন্ধানে বের হতে না পারায় পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে জিয়ানগর সদর বাজার, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও নিচু এলাকার গ্রাম। এতে ব্যাহত হচ্ছে মানুষের চলাচল ও দৈনন্দিন কার্যক্রম। জিয়ানগর উপজেলাসহ আশপাশের প্রায় দুই লাখ মানুষ দুর্ভোগে পড়েছেন।
‎
‎জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় পিরোজপুরের বিস্তীর্ণ জনপদ। জলোচ্ছ্বাস ও প্রচণ্ড বাতাসে ভেসে যায় ঘরবাড়ি, ফসল ও গবাদিপশু। জেলার সাত উপজেলায় প্রাণ হারান ৪০৯ জন। ক্ষতিগ্রস্ত হন ১১ লাখ ৪৩ হাজার ৮৭১ জন। সম্পূর্ণ বিধ্বস্ত হয় ৫৪ হাজার ৪১৬টি ঘরবাড়ি। এ সময় জেলার ৭৩ দশমিক ৭০ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ এবং ১৪৭ দশমিক ০৯ কিলোমিটার বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সিডরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি ছিল জিয়ানগর উপজেলা। সেখানে প্রাণ হারান ৫৭ জন।
‎
‎সিডরের ক্ষত পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই আবারও দুর্যোগের শঙ্কায় পড়েছেন নদীতীরবর্তী মানুষ। দীর্ঘ ১৯ বছরেও টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় ঘূর্ণিঝড় ও নদীভাঙন নিয়ে তাদের আতঙ্ক কাটেনি।
‎
‎সদর উপজেলার দিনমজুর বাচ্চু শিকদার, মোহাম্মদ মামুন বলেন, বৃষ্টির কারণে কোনো কাজেই যেতে পারছেন না। নদী পার হয়ে কাজ করতে হয়। ঘরে চাল নেই, তাই রান্নাও বন্ধ। ভাঙা টিনের ঘরের ছাউনি দিয়ে পানি পড়ে। পলিথিন টাঙিয়ে কোনোমতে মাথা গুঁজে দিন কাটাচ্ছেন।
‎
‎পৌরসভার ৮ নং ওয়ার্ডের মোঃ শহীদ  বলেন, তিন দিন ধরে কাজ বন্ধ। ঘরেও খাবার নেই। মানুষের কাছে চেয়ে কিছু পেলে খেতে পারেন, না হলে খালি পেটেই দিন কাটাতে হয়। একই অবস্থা ওই গ্রামের লিজা বেগমসহ অনেক দরিদ্র পরিবারের।
‎
‎সাঈদখালী গ্রামের হাফেজ মো. মাসুম বিল্লাহ বলেন, সিডরে তাদের এলাকায় যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। এখনো অনেক ঘরবাড়ি ভাঙা ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এরপর অনেক বন্যা হলেও এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। প্রতিবছর ঘূর্ণিঝড় এলে কয়েক হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।
‎
‎
‎উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে উপজেলার জনজীবন অচল হয়ে পড়েছে। নিম্ন আয়ের মানুষ কাজ করতে না পারায় সমস্যায় রয়েছেন। তাদের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে। জরুরি প্রয়োজনে এসব মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে।
‎
‎জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, তিন দিন ধরে বিরামহীন বৃষ্টিতে উপজেলার স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ত্রাণ বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পাওয়া গেলে নিম্ন আয়ের মানুষের মধ্যে তা বিতরণ করা হবে।
‎
‎পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রীতম কুমার সরকার বলেন, সিডরে পিরোজপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। জিয়ানগর এলাকায় কিছু বেড়িবাঁধ নির্মাণ করা হলেও দীর্ঘদিনের কারণে সেগুলোতে সমস্যা দেখা দিয়েছে। এসব বাঁধ পুনঃসংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন ভাঙনকবলিত এলাকায় বাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ করার প্রক্রিয়া চলছে।
‎
‎পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, বর্তমানে বাজেট অধিবেশন চলছে। অধিবেশন শেষ হলে সংশ্লিষ্ট মন্ত্রীকে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করানো হবে। আশা করছেন, এসব এলাকার উন্নয়নে বরাদ্দ পাওয়া যাবে। তিনি বলেন, গত ১৯ বছর ধরে এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। এ সময়ে অনেক সংসদ সদস্য ও মন্ত্রী দায়িত্ব পালন করলেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
‎
‎জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলায় ৪০০টির বেশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রশাসনের নিয়মিত যোগাযোগ রয়েছে। সিডরে ক্ষতিগ্রস্ত সড়ক, ঘাট ও বেড়িবাঁধের অনেকাংশ মেরামত করা হয়েছে। যেসব কাজ বাকি রয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।
‎
‎সংশ্লিষ্টরা জানান, সিডরের পর ফণী, আম্পানসহ বিভিন্ন ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে নদীতীরবর্তী মানুষের ঘরবাড়ি বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় দুর্ভোগ কমেনি। মঠবাড়িয়া, জিয়ানগর, ভান্ডারিয়া ও পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এখনো নদীভাঙন অব্যাহত রয়েছে।
‎
‎তাদের মতে, উপকূলীয় মানুষের জানমাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জরাজীর্ণ ঘরবাড়ি সংস্কার এবং দুর্যোগের সময় কর্মহীন মানুষের জন্য জরুরি খাদ্যসহায়তা নিশ্চিত করা প্রয়োজন।
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন