খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত গ্রেপ্তার

খুবি প্রতিনিধি 

প্রকাশ: ২২:২৭, ২২ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত গ্রেপ্তার

খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পাশে আজমুল হোসেন নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় হাসনাত হাবিব রিফাত নামে এক সাবেক শিক্ষার্থীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 

গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৬ (খুলনা) ও এসআরবি-৮ (বরিশাল)। গ্রেপ্তার রিফাত সিরাজগঞ্জ সদর থানার গুণেরগাতী এলাকার মনোয়ার হোসেনের ছেলে।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণটানা থানায় দায়ের হওয়া চাঞ্চল্যকর আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার বাকি আসামিদের ধরতেও অভিযান চলছে। আইনি প্রক্রিয়া শেষে রিফাতকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার তদন্তের সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানান, হাসনাত হাবিব রিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী। সম্প্রতি তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরি পান। কর্মস্থলে যোগ দিলেও তিনি আজমুলদের মেসে থেকেই ব্যাংকে যাতায়াত করতেন।

নগরীর হরিণটানা থানার ওসি ইকবাল হোসেন বলেন, ‘আজমুলকে মারধরের সময় রিফাত উপস্থিত ছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান। তাকে জিজ্ঞাসাবাদ করলে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।’

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাতে চুরির অপবাদ দিয়ে আজমুল হোসেনকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তিনি ওই চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আজমুল মারধরের হাত থেকে বাঁচতে ছাদ থেকে লাফ দিয়েছিলেন, নাকি তাঁকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।

এ হত্যাকাণ্ডের ঘটনায় আজমুলের বাবা কুতুব উদ্দীন বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫ জনকে আসামি করে হরিণটানা থানায় একটি হত্যা মামলা করেন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: