নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:
প্রকাশ: ২২:১৯, ২৩ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর নোয়াখালী জেলা কার্যালয়ের একটি পরিদর্শন দল বেগমগঞ্জ উপজেলাধীন 'জমিদার হাট-মাইজদী আরএইচডি ভায়া সাহেবের হাট, হাসান হাট' সড়কের ১৪,৭৫৫ মিটারে ৪৯.০৬ মিটার দীর্ঘ ব্রিজের কাজ সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে দেখা যায়, ব্রিজটির ফুটপাতের স্ল্যাব এবং রেল বারের কাজ অত্যন্ত নিম্নমানের এবং নকশা বহির্ভূতভাবে করা হচ্ছে।
কাজে চরম অবহেলা ও সরকারি চাকরি বিধিমালার পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল মনছুর আহমেদ এবং উপ-সহকারী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলামকে পৃথক চিঠির মাধ্যমে কৈফিয়ত তলব করা হয়েছে। নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল স্বাক্ষরিত কৈফিয়ত তলবপত্রে উল্লেখ করা হয়, দায়িত্ব পালনে অবহেলার কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আগামী ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে কেন তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, তা লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ফেনীর 'মেসার্স হক ট্রেডার্স'-কে আগামী ৭ (সাত) দিনের মধ্যে কাজের যাবতীয় ত্রুটি সংশোধন করে ছবিসহ লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাঁদের বিল আটকে দেওয়া সহ চুক্তি অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, সুপ্রীম প্রকল্পের আওতায় 'মেসার্স হক ট্রেডার্স' প্যাকেজ নং SupRB/Noa/Replace/22-23/W-382 এর অধীনে ব্রিজটির প্রতিস্থাপন কাজ বাস্তবায়ন করছে।
শীর্ষ সংবাদ: