নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর
প্রকাশ: ১৪:৩১, ৫ অক্টোবর ২০২৬
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগম (৫০)–কে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত মো. মানিক হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
সোমবার (৫ অক্টোবর) রাতে মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে এসআরবি-৮।
এসআরবি-৮-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত জেসমিন বেগম কাউখালীতে নিজ বসতঘরে একা বসবাস করতেন। গত ৩ অক্টোবর রাত ১০টা ৩৫ মিনিট থেকে ৪ অক্টোবর সকাল ১০টার মধ্যে মানিক হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জন দুষ্কৃতকারী কৌশলে তার ঘরে প্রবেশ করে। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ ও গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের বড় মেয়ে বাদী হয়ে কাউখালী থানায় হত্যা মামলা করেন। মামলায় মানিক হাওলাদারকে ১ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলার তদন্তকারী কর্মকর্তা প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মানিক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুরের কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৮।